প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর বাজার এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে টাকা ছিনতাই করে পালানোর সময় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. হাসান, মেহেদী হাসান ও রাশেদুল ইসলাম। তাঁদের বাড়ি কুষ্টিয়া শহরে। শ্রীপুর থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, বেলা দেড়টার দিকে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের কর্মী উত্তর কুমার ১৬ হাজার টাকা নিয়ে শ্রীপুরের গয়েশপুর বাজার থেকে মোটরসাইকেলে মাগুরা ফিরছিলেন। এ সময় বাজারের কাছে ওই তিন ছিনতাইকারী আগ্নেয়াস্ত্রের মুখে তাঁর গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়। পালানোর সময় শ্রীপুর উপজেলা শহরের কাছে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পাঁচটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, ১৬ হাজার টাকা ও মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।