ছিনতাইয়ের সময় অস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গত মঙ্গলবার রাতে ছিনতাইয়ের সময় মোরশেদ আলম (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র-গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মোরশেদ চরণদ্বীপ ইউনিয়নের হারবাংগীরি শাহ (রা.) মাজার এলাকার আবদুস সালামের ছেলে। এ ঘটনায় গতকাল বুধবার ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মো. নুরুল আজিজ বোয়ালখালী থানায় দুটি মামলা করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর স্টেশনে নুরুল আজিজের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তাঁর বাড়ি পশ্চিম খরণদ্বীপ শরীফ পাড়া এলাকায়। গত মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। পূর্ব চরণদ্বীপ হারবাংগীরি শাহ (রা.)-এর মাজারের সামনে এলে দুটি মোটরসাইকেল নিয়ে তিনজন তাঁর পথরোধ করে। তারা দুটি মুঠোফোন সেট ও ১০ হাজার টাকা কেড়ে নেয়। ছিনতাইকারীরা মোটরসাইকেল নিতে চাইলে তিনি বাধা দেন। এ সময় তারা বেধড়ক মারধর করতে থাকে। তাঁর চিৎকারে পথচারীরা এগিয়ে এলে দুজন পালিয়ে যায়। মোরশেদকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মোরশেদ আলমকে থানায় নিয়ে আসে। তাঁর কাছ থেকে একটি এলজি, দুটি কার্তুজ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বোয়ালখালী থানায় পাঁচটি মামলা রয়েছে। মোরশেদ চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমের চাচাতো ভাই। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি চেয়ারম্যানের বলে অভিযোগ করেছেন অনেকে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।