ছিনতাইয়ের সাজানো নাটক সন্দেহে বিকাশের প্রতিনিধি আটক
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্র্যাক ব্যাংকের মালিকানাধীন মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে দুর্বৃত্তরা আট লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনাটি সাজানো সন্দেহ করে ওই প্রতিনিধিকেই পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশের বিক্রয় প্রতিনিধি রতন বর্মণ অভিযোগ করেন, গতকাল তিনি বিকাশের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় থেকে আট লাখ টাকা নিয়ে লেনদেনকারী ব্যবসায়ীদের কাছে বিতরণের উদ্দেশ্যে গৌরীপুরে যাচ্ছিলেন। বেলা একটার দিকে পৌর শহরের তাতকুড়া বাজার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে তাঁর সঙ্গে থাকা আট লাখ টাকা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
অভিযোগ পেয়ে গৌরীপুর থানার পুলিশ রতন বর্মণকে নিয়ে ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে টাকা ছিনতাই হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ না পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রতনকেই আটক করে। বিকাশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দিনদুপুরে এ রকম জায়গায় ছিনতাইয়ের বিষয়টি সাজানো নাটক হতে পারে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ বলেন, প্রাথমিকভাবে রতন বর্মণকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।