ছুটি ছাড়াই অনুপস্থিত দেড় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ছুটি ছাড়াই দেড় বছর কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে বেতন-ভাতা বন্ধ থাকলেও তিনি স্বপদে বহাল আছেন। ওই পদে কেউ যোগ না দেওয়ায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।
ওই ব্যক্তির নাম পিনাক শুভ রায়। তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (মেডিসিন বিশেষজ্ঞ)। বাড়ি উপজেলার সাহাপাড়া গ্রামে। গত শনিবার সেখানে গিয়ে তাঁকে বা তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ। তাঁর চাচাতো ভাই প্রিয়তোষ রায় বলেন, ‘পিনাক বাড়ির কারও সঙ্গে যোগাযোগ রাখেন না। তিনি কোথায় আছেন তা-ও জানি না।’
স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ শফিউর রহমান বলেন, ইস্তফা না দেওয়ায় পিনাক শুভ রায়ের পদ শূন্য ঘোষণা করা যাচ্ছে না। তিনি বেতনও পাচ্ছেন না। কর্তৃপক্ষ তাঁকে কয়েকবার কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে। তিনি কোনো নোটিশের জবাব দেননি।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, পিনাক শুভ রায় ২০১৪ সালের ৬ মে এখানে যোগ দেন। কোনো ছুটির আবেদন ছাড়াই তিনি একই বছরের ২৮ জুন থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ২০১৫ সালের ১ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও একই বছরের ২৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি লিখিতভাবে জানানো হয়। লিখিত অভিযোগ পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় পিনাক শুভ রায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা করেছে।
জেলা সিভিল সার্জন মোকলেছুর রহমান বলেন, ‘পিনাক শুভ রায়ের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে। তিনি কোথায় আছেন, তা আমিও জানি না।’