ছুটে গিয়েও মেয়েকে জীবিত পেলেন না নিতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগদ সাড়ে তিন লাখ টাকা, সাড়ে সাত ভরি সোনার গয়না দিয়ে আদরের মেয়ে মমতা রানীকে মাত্র তিন মাস আগে শ্বশুরবাড়ি পাঠিয়েছিলেন নিতাই চন্দ্র পাল। কিন্তু বিয়ের দুই মাস না যেতেই আবারও টাকার জন্য চাপ দিতে থাকেন জামাতা রাজন দাস।
গতকাল শুক্রবার ভোরে মেয়ের ফোন পেলেন। মেয়ে কাঁদতে কাঁদতে বললেন, ‘বাবা, তুমি আইসা আমারে নিয়া যাও, ওরা আমারে মাইরা ফালাইতাছে।’ ফোন পেয়ে পুরান ঢাকার যোগীনগরের বাসা থেকে ছুটে গেলেন নারিন্দার শাহ সাহেব লেনে মেয়ের শ্বশুরবাড়িতে। ততক্ষণে মেয়ে আর জীবিত নেই। নিথর দেহ শোয়ানো খাটে।
ঠাঁটারীবাজারের মুদি দোকানি নিতাই চন্দ্র পালের অভিযোগ, যৌতুকের জন্য তাঁর মেয়েকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় তিনি গেন্ডারিয়া থানায় মামলা করেছেন। মামলা হওয়ার আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প থেকে পুলিশ রাজনকে আটক করে। মমতা সেন্ট্রাল উইমেন্স কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী ছিলেন। রাজন ওষুধের ব্যবসা করেন।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে মুঠোফোনে নিতাই বলেন, ‘ভোরবেলায় মাইয়ার ফোন পাইয়াই বিছানা থিকা নাইমা ছুটলাম তার শ্বশুরবাড়ির দিকে। যোগীনগর থাইকা শাহ সাহেব লেন যাইতে যত সময় লাগে, গিয়া দেহি আমার মাইয়া নাই। খাটের ওপর মমতা শোয়ানো। গলায় দাগ এবং রক্ত ঝরতাছিল। আর ওর স্বামীর পিঠে খামচির দাগ দেখছি। মনে হয়, মাইয়াডা শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করছিল, এই জন্যে ধস্তাধস্তিতে ওই দাগ পড়ছে।’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন নিতাই। পরে বলেন, ‘এরপর গেলাম গেন্ডারিয়া থানায়, তারপর ঢাকা মেডিকেল কলেজ মর্গে। অ্যাহন লাশ দাহ করতে নিয়া যাইতাছি। যৌতুকের জন্যই তারে হত্যা করছে।’
নিতাই বলেন, যোগ্য ছেলে মনে করে রাজনের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন। তখন নগদ সাড়ে তিন লাখ টাকা এবং সাড়ে সাত ভরি সোনার গয়না দিয়েছিলেন। কিন্তু ২২ দিন আগে আবারও রাজন টাকা চান। কিন্তু টাকা দিতে পারেননি। শ্বশুরবাড়ির লোকজন টাকার জন্য মেয়েকে মারত। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মমতাই ছিলেন ছোট।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী বলেন, ধারণা করা হচ্ছে নির্যাতনে মমতার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। রাজনের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।
পুলিশ জানায়, মমতাকে হত্যার অভিযোগ অস্বীকার করে রাজন বলেছেন, সামান্য মনোমালিন্য হয়েছিল। ভোরে তিনি মমতাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।