ছুরি নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের এক পক্ষের কর্মীরা অন্য পক্ষের দুই কর্মীকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ‘পক্ষ’ ত্যাগ করাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে ছাত্রলীগের বিভিন্ন পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
আহত দুজন কলেজের বিবিএর তৃতীয় বর্ষের ছাত্র আনিসুজ্জামান ও মহিবুর রহমান। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহসিন কলেজে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও তিনটি পক্ষ সক্রিয়। হামলার জন্য চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমের অনুসারীদের দায়ী করা হচ্ছে। হামলার শিকার দুজন চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফার অনুসারী।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় সুমন শাহরিয়ার নামে স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রকে আটক করা হয়েছে। সুমন আগে নুরুল মোস্তফার অনুসারী ছিলেন। সম্প্রতি তিনি পক্ষ ত্যাগ করেন। এর জের ধরে নুরুল মোস্তফার অনুসারী ১৫-২০ জন তাঁকে মারধর করতে থাকেন। একপর্যায়ে তিনি নিজের কাছে থাকা ছুরি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে দুজন আহত হন।
নুরুল মোস্তফার অনুসারীদের নেতৃত্ব দেওয়া সুভাষ মল্লিক প্রথম আলোকে বলেন, নুরুল আজিমের অনুসারীরা এ হামলা চালিয়েছে। এতে আনিসুজ্জামান ও মহিবুর আহত হন।
অবশ্য নুরুল আজিমের অনুসারী মাহমুদুল করিম এ অভিযোগ অস্বীকার করেন।