ছুরি মেরে গুলি করে যুবলীগ নেতা হত্যা
রাজধানীর খিলগাঁওয়ে গতকাল বুধবার রাতে ছুরিকাঘাত ও গুলি করে আরিফ হোসেন (৩০) নামের যুবলীগের এক নেতাকে খুন করেছে সন্ত্রাসীরা। কাজ শেষে বাসায় ফেরার পথে তাঁর ওপর এ হামলা চালানো হয়।
রাত সোয়া ১২টায় যোগাযোগ করা হলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, হামলাকারীরা যুবলীগ করে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হামলাকারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।
আরিফ ঢাকা মহানগরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। এ ছাড়া সাইনবোর্ড ও বিলবোর্ডে লেখার ব্যবসা করতেন তিনি।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত আটটার দিকে খিলগাঁও জোড়াপুকুরপাড়ে চার-পাঁচজন সন্ত্রাসী অতর্কিতে আরিফ হোসেনের ওপর হামলা চালায়। প্রথমেই তারা তাঁর বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁর বুক ও ঊরুতে গুলি বিদ্ধ হয়। কোরবান আলী নামের একজন পথচারী আরিফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর আগে হাসপাতালে আরিফ হোসেন প্রথম আলোকে বলেছিলেন, তিনি সপরিবারে ৮৪ উত্তর গোড়ানে থাকেন। কাজ শেষে বাসায় ফেরার পথে জোড়াপুকুরপাড়ে স্থানীয় সন্ত্রাসী শুভ, ইমরান, কালা আরিফ ও মিঠু তাঁর ওপর হামলা চালায়। তারা তাঁকে প্রথমে বুকে ছুরিকাঘাত করে। এ সময় তিনি লুটিয়ে পড়লে কয়েকটি গুলি ছুড়ে পালায় তারা। এরপর তিনি অচেতন হয়ে পড়েন।
এদিকে আরিফের মৃত্যুর খবরে তাঁর মা, স্বজন ও প্রতিবেশীরা হাসপাতালে ছুটে যান। মা আলেয়া বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আগেই পোলারে কইছিলাম, শুভ, ইমরান, কালা আরিফ ও মিঠুর সঙ্গে বাজাবার যাইস না। কিন্তু আরিফ তা হুনল না।’
আলেয়া বেগম বিলাপ করে বলেন, ‘শুভ আমার পোলার লগে ঘুমাইত, খাইত। শুভ, তুই ওরে মারলি ক্যান? পোলায় আমার এমন কী করেছিল?’
হাসপাতালে উপস্থিত প্রতিবেশীদের একজন অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে জড়িত। তারাও যুবলীগ করে। এর আগেও তারা এলাকায় আরও দুজনকে গুলি করে।
আরিফের বাবা মনজুর হোসেন কুষ্টিয়ার থানাপাড়ার বাড়িতে থাকেন। দুই বোন ও একমাত্র ভাইয়ের মধ্যে আরিফই ছিলেন বড়। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ছুরিকাঘাতে আরেকজন আহত: পুলিশ জানায়, রাত ১১টার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুস সাত্তার (৩০) নামের একজন মুরগি ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।