যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। আহত মো. লিটন (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে লিটনের স্বজনেরা জানান, সকালে লিটন আরও এক মাছ ব্যবসায়ীর সঙ্গে শনির আখড়া থেকে যাত্রাবাড়ী মাছের আড়তে যাচ্ছিলেন। পথে দুজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাঁদের পথ আটকায়। এ সময় তারা লিটনের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে লিটন বাধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীদের একজন লিটনের বাম হাত ও পেটে ছুরিকাঘাত করে লিটনের সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। লিটনের সঙ্গে থাকা আরেকজনের কাছ থেকে নেয় চার হাজার টাকা। ছিনতাইয়ের পর তারা মোটরসাইকেলে চলে যায়। সকাল আটটার দিকে লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ছিনতাইয়ের তথ্য নিশ্চিত করেছেন।