ছুরিকাঘাত করে ছিনতাই তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কাঁচামাল ব্যবসায়ীকে পিকআপ ভ্যানে উঠিয়ে ছুরিকাঘাত করে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম রিপন গাজী (২৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ বলছে, এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে হাতেনাতে এবং পরে আরও দুজনকে ওই পিকআপ ভ্যানসহ গ্রেপ্তার করা হয়।
একই রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে আরেক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
তেজগাঁও থানার পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, কাঁচামাল ব্যবসায়ী রিপন মিরপুর ১০ নম্বর এলাকার বালুর মাঠে থাকেন। ওই এলাকায় কাঁচামালের ব্যবসা তাঁর। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কারওয়ান বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। সঙ্গে ছিল ১ লাখ ৪৬ হাজার টাকা। গাড়ির জন্য মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গেলে একটি পিকআপ ভ্যানে থাকা চালকসহ তিনজন তাঁর গন্তব্য জানতে চায়। তিনি কারওয়ান বাজারের কথা বললে ওই তিনজন জানায়, তারাও কারওয়ান বাজারে যাচ্ছে। এরপর রিপন পিকআপে উঠে বসেন। আগারগাঁও এলাকা পার হলে পিকআপে থাকা দুই যুবক তাঁকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে পিকআপটি তেজগাঁও থানার সামনের সড়ক পর্যন্ত চলে যায়।
থানা দেখে রিপন চিৎকার-চেঁচামেচি শুরু করলে থানার সামনে থাকা পুলিশের দুই কর্মকর্তা পিকআপ ভ্যানটির পিছু নেন। কারওয়ান বাজারে গিয়ে কিছুক্ষণের জন্য পিকআপটি যানজটে আটকা পড়লে রিপন দরজা খুলে নেমে যান। তাঁকে ধরতে নামে এক যুবক। তখন পুলিশ কর্মকর্তারা রিপনকে উদ্ধার ও ওই যুবককে আটক করেন। এরই মধ্যে পিকআপ নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক ও আরেক যুবক।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, একজন ছিনতাইকারীকে আটক করার পর তার তথ্যের ভিত্তিতে থানার পুলিশ গতকাল সারা দিন বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে পিকআপ ভ্যানসহ অন্য দুজনকে আটক করা হয়।
এদিকে একই দিন রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামাল হোসেন (৩০) নামের এক ঝুট ব্যবসায়ী আহত হন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন ও ৪৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। কামালকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে নিয়ে যাওয়া কামালের ব্যবসায়িক অংশীদার মনির হোসেন প্রথম আলোকে বলেন, যাত্রাবাড়ীর মির্জাবাড়ি এলাকায় থাকেন কামাল। তাঁদের ঝুটের গুদাম টঙ্গীতে। কাজ শেষে টঙ্গী থেকে শুক্রবার রাত দুইটার দিকে যাত্রাবাড়ী নামেন কামাল। সেখান থেকে রিকশাযোগে তিনি বাসায় ফিরছিলেন। পথে চার-পাঁচজন যুবক তাঁর গতি রোধ করে ছুরিকাঘাত করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।