ছুরিকাঘাত করেই পালাল ওরা, তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের প্রাণকেন্দ্র কানাইখালী এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইমরান আলী (৩২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমরান আলী কানাইখালী এলাকার মৃত খোরশেদ মণ্ডলের ছেলে।

নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন সরকার ও নিহত তরুণের পরিবার জানায়, রাত সাড়ে আটটার দিকে কানাইখালী ব্র্যাক ব্যাংক এলাকায় দাঁড়িয়ে ছিলেন ইমরান। এ সময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে ইমরানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

এসআই মিঠুন জানান, প্রত্যক্ষদর্শীদের কাছে সন্ত্রাসীদের বিবরণ শুনে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুব হোসেন বলেন, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইমরানের মৃত্যু হয়েছে।