ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরাদিয়ায় গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রানা (২২) নামের এক অটোরিকশাচালক খুন হয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রাত পৌনে ১০টার দিকে মেরাদিয়ার শুক্কুর গার্মেন্টসের কাছে কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশাচালক রানার পথরোধ করে। একপর্যায়ে তারা রানার বুকে ছুরি মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রানার ভাই রেজাউল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, সোহেল নামে স্থানীয় এক যুবকের সঙ্গে রানার দ্বন্দ্ব ছিল। তবে এ কারণে তাঁকে হত্যা করা হয়েছে কি না, তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না।
ঘটনা তদন্তকারী খিলগাঁও থানার এএসআই শহীদুল ইসলাম বলেন, বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা রানার ওপর হামলা চালায়। কী নিয়ে এ ঘটনা তা জানা যায়নি।