ছুরিকাঘাতে আহত প্রকৌশলীর মৃত্যু, গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত প্রকৌশলী শাজাহান আলী (৫৪) গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গত বৃহস্পতিবার ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। এদিকে গাজীপুরে নিজ ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক গৃহবধূর লাশ।
সাভার মডেল থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কোরবানির গরু কিনতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) উপপ্রকৌশলী শাজাহান আলী তাঁর ছেলের ব্যবসাপ্রতিষ্ঠানের তিন কর্মীকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় পশুর হাটে যান। কিন্তু গরু পছন্দ না হওয়ায় রাত দুইটার দিকে তাঁরা বাসায় ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় পৌঁছালে মুখোশ পরা একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁদের মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে শাজাহান আলীর কাছে থাকা প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।
নিহত ব্যক্তির ছেলে ইমরান খান বলেন, তাঁর বাবাকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল সকালে তিনি মারা যান।
এদিকে গাজীপুরের কাপাসিয়ায় সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের বাসিন্দাদের সূত্রে জানা যায়, গ্রামের জালাল উদ্দিন গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে স্ত্রী নাজমুন নাহারকে (২৫) খুঁজে পাচ্ছেন না বলে প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা এসে ঘরে খোঁজাখুঁজির একপর্যায়ে খাটের নিচ থেকে নাজমুনের লাশ উদ্ধার করেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, সিলেট জানিয়েছেন, সিলেটের বিশ্বনাথ উপজেলায় সুরমার বাসিয়া শাখা নদীতে ভাসতে থাকা অবস্থায় উদ্ধার করা লাশটি ভারতীয় নাগরিক অভিজিৎ দাশের (৪৫)। গত ২৯ সেপ্টেম্বর পুলিশ লাশটি উদ্ধার করে। পরে তাঁর পোশাক তল্লাশি করে পাওয়া পরিচয়পত্রের সূত্রে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, সিলেট পুলিশ সুপারের কার্যালয় থেকে ভারতের শিলচর পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে লাশটি হস্তান্তর করা হয়।