ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গত সোমবার গভীর রাতে ছুরিকাঘাতে আহত যুবক মাইনউদ্দিন (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে মারা গেছেন। পুলিশ বলেছে, কালাচাঁদপুর এলাকায় থাকতেন মাইনউদ্দিন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে। তাঁর স্বজনেরা পুলিশকে এ ব্যাপারে কিছু জানাননি। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঘটনা জানাজানি হয়। এর কিছুক্ষণ পর মাইনউদ্দিন মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন মিয়া বলেন, নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।