ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর অবস্থা আশঙ্কামুক্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাব-২ কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার দিবাগত রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দুই শিক্ষার্থীর একজনের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।

আজ শনিবার রাতে ওই শিক্ষার্থীর অস্ত্রোপচার হওয়ার কথা। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা মাকছুদা কাউছার সাংবাদিকদের বলেন, আহত শিক্ষার্থী অভি চাকমা এখনও আশঙ্কামুক্ত নন। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর পেটের ডান পাশে ও নাভির কাছে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এতে তার পাকস্থলীর কিছু অংশ বের হয়ে পড়েছে। আজ রাতে অভির অস্ত্রোপচার করা হবে।

গতকাল শুক্রবার দিবাগত রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হন। আহত অপর শিক্ষার্থী কনকন চাকমাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

কনকন চাকমা জানান, পরীক্ষার জন্য তাঁরা দুজন রাত দুইটা পর্যন্ত পড়াশোনা করেন। এরপর শেরেবাংলা নগর থানা সংলগ্ন একটি দোকানে নাশতা খেতে যান। ফেরার পথে র‌্যাব-২ কার্যালয়ের ঠিক সামনে একটি সাদা প্রাইভেটকার তাঁদের গতিরোধ করে। এমন সময় ওই গাড়ি থেকে চারজন লোক ধারালো অস্ত্র হাতে নেমে তাঁদের ঘিরে ফেলে। ছিনতাইকারীর প্রথমে মোবাইলসহ মানিব্যাগ বের করতে বলে। দিতে অস্বীকৃতি জানালে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা তাদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। কনকন দৌড়ে পালিয়ে আসতে পারলেও অভিকে ধরে ফেলে ছিনতাইকারীরা। কনকন পালিয়ে আসার সময় ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত পান। এ সময় অভিকে হাতে-পায়ে ও পেটের ভেতর ছুরি ঢুকিয়ে মারাত্মক আহত করে ছিনতাইকারীরা। পরে ছিনতাইকারীরা প্রাইভেট কারটি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আহত কনকন ও অভি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে পৌঁছালে কর্তব্যরত রক্ষী ও কয়েকজন শিক্ষার্থী তাঁদের ভেতরে নিয়ে যান। গুরুতর আহত অভিকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।