ছুরিকাঘাতে এএসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নবাবপুরে গতকাল শনিবার এক ব্যবসায়ীর হাতে ছুরিকাহত হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। তাঁর চোয়াল, ঘাড় আর গলায় আঘাত লেগেছে। মুমূর্ষু অবস্থায় তিনি হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
আহত ওই এএসআইয়ের নাম মো. আনিসুর রহমান। তিনি পুলিশের বংশাল থানাধীন নবাবপুর পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত ছিলেন।
নবাবপুরের হোসেন মার্কেটের ভাই ভাই গলিতে সকাল পৌনে নয়টার দিকে ঘটনাটি ঘটে। ওই গলির ‘বি রহমান অ্যান্ড প্লাস্টিক’ দোকানের মালিক খোকা মিয়া ‘অকস্মাৎ’ আনিসকে হামলা করেছেন বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে খোকা মিয়া পলাতক রয়েছেন। তবে ঘটনাটি ব্যক্তিগত নাকি পেশাগত কারণে ঘটেছে তা জানা যায়নি।
বংশাল থানার উপপরিদর্শক আবুল কালাম প্রথম আলোকে বলেন, সকালে আনিসসহ টহল পুলিশের একটি দল নবাবপুরের ওই মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় আনিস দলের অন্য সদস্যদের সামনে যেতে বলে তিনি ওই গলিতে ঢোকেন। তার কিছুক্ষণ পরই আনিসের চিৎকার শুনে দলের অন্য সদস্যরা এসে আনিসকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাঁরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দুপুর ১২টার দিকে দেখা যায়, ঘটনাস্থলটি পুলিশ হলুদ ফিতা দিয়ে বেষ্টন করে রেখেছে। গলির ঠিক মাঝামাঝি জায়গায় বি রহমান অ্যান্ড প্লাস্টিক দোকানটি। তার পাশে রাজু অ্যান্ড ব্রাদার্স এবং আল আমিন হার্ডওয়্যারের দোরগোড়ায় রক্ত জমাট বেঁধে আছে। মূল রাস্তা থেকে ঘটনাস্থল পর্যন্ত রক্তের ছোপ ছোপ দাগের একটি ধারাও দেখা যায়।
আশপাশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, খোকা মিয়া প্রায় ৩০ বছর ধরে ওই এলাকায় রাবারের ব্যবসা করেন। তাঁর বাড়ি নোয়াখালীতে। গলির সাফিদ পাইপ সেন্টারের মালিক মাসুদ রানা প্রথম আলোকে জানান, এই গলিসহ আশপাশের মার্কেটের দোকানগুলো সকাল ১০টা থেকে খোলা শুরু করে। তবে খোকা মিয়া নিয়মিতই তাঁর দোকান অন্য ব্যবসায়ীদের চেয়ে আগে খুলতেন। তাই ঘটনাটি যখন ঘটেছে তখন আশপাশে অন্য ব্যবসায়ীরা ছিলেন না। মাসুদ রানা জানান, আনিসুর নিয়মিতই ওই গলিতে যেতেন। তিনি সেখানে ব্যবসায়ীদের সঙ্গে আড্ডাও দিতেন।
ঘটনার পর ডিএমপির পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া আহত এএসআইয়ের শারীরিক অবস্থা পরিদর্শনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, একটি হার্ডওয়্যারের দোকানের সামনে অকস্মাৎ ঘটনাটি ঘটেছে। হয়তো কোনো মহল পুলিশের ওপর ক্ষিপ্ত থাকায় এ ঘটনা ঘটিয়েছে। এটি বিচ্ছিন্ন ঘটনা, কোনো পরিকল্পিত ঘটনা নয়। যেহেতু এএসআই আনিস মুমূর্ষু ও আসামি পলাতক, তাই ঘটনাটি ব্যক্তিগত নাকি পেশাগত, তা বলা যাচ্ছে না। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ভালো চিকিৎসার জন্য আনিসকে হৃদ্রোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। হামলাকারী খোকা মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।