ছুরিকাঘাতে একজন খুন, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় গত রোববার পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে আবদুল হাই (৩০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ছাড়া আরও দুই ভাই আহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের কর্ণপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে মাকে মারধর করে জাহিদ হোসেন। জাহিদ হোসেনের অপর তিন ভাই এর প্রতিবাদ করেন। এ সময় জাহিদ ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আবদুল হাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল হাই। এ ছাড়া জাহিদের ছুরিকাঘাতে অপর দুই ছোট ভাই আবু সাঈদ (৩২) ও আবু বক্কর সিদ্দিক (৩৫) গুরুতর আহত হন।

মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে আবদুল হাইয়ের স্ত্রী বাদী হয়ে গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেন।