ছুরিকাঘাতে একজন নিহত, দুই ভাই আহত
নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মনদী এলাকার শিক্ষাচত্বর বালুর মাঠে গতকাল শনিবার বিকেলে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত ব্যক্তির দুই ভাইও আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আবদুর রশিদ (৪০)। আহত দুজন হলেন খোরশেদ আলম (৪৫) ও আশরাফ আলম (৫০)। খোরশেদকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে অটোরিকশার ভাড়া নিয়ে আবদুর রশিদের ভাতিজির স্বামীর সঙ্গে বীরপুরের কয়েকজন যুবকের বিরোধ হয়। এতে আবদুর রশিদও জড়িয়ে পড়েন। গতকাল বিকেলে তিনি শিক্ষাচত্বর বালুর মাঠ এলাকায় যান। সেখানে প্রতিপক্ষ যুবকদের সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে ফোন করে দুই ভাইকে ঘটনাস্থলে নিয়ে আসেন। তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই যুবকেরা তিন ভাইকে ছুরিকাঘাত করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে যুবকেরা পালিয়ে যান। লোকজন আহত তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুর রশিদকে মৃত ঘোষণা করেন।