ছুরিকাঘাতে ওলামা লীগের একাংশের সভাপতি আহত
সরকার-সমর্থক সংগঠন আওয়ামী ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। জুমার নামাজ শেষে বের হওয়ার পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকের সামনে তিনি ছুরিকাহত হন বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন।
ইলিয়াস হোসাইনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্টন থানার পুলিশ বলেছে, লোকজন এক যুবককে ছুরিসহ আটক করে পুলিশে দেন। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ওলামা লীগের ইলিয়াস অংশের কর্মীরা বলেন, বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে ইলিয়াস হোসাইন দক্ষিণ ফটক দিয়ে বের হন। সেখান থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দক্ষিণ ফটক দিয়ে বের হওয়ার পরপরই এক যুবক তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। ঘটনাস্থল থেকে লোকজন এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণ ফটকের সামনে আমিসহ কয়েকজন পুলিশ সদস্য ছিলাম। হামলার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন। হামলাকারীকে থানায় পাঠিয়ে দেওয়া হয়। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা যায়নি। তাঁর নামও জানা যায়নি। তাঁকে থানা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।’ তিনি বলেন, ইলিয়াস হোসাইনের ডান কাঁধে ও ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে।
ঢাকা মেডিকেলে আহত ইলিয়াসকে দেখতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হাসান সাংবাদিকদের বলেন, আটক যুবক নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য দাবি করেছেন। ঘটনার তদন্ত চলছে।
আওয়ামী ওলামা লীগের আরেক অংশের সভাপতি আক্তার হোসেন বুখারী ও সাধারণ সম্পাদক আবুল হাসান শরীয়তপুরী। ওলামা লীগের দুই অংশের মধ্যে দীর্ঘদিন ধরে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে। সম্প্রতি আক্তার হোসেন ও আবুল হাসানের অংশের কার্যক্রম বন্ধের দাবিও জানান ইলিয়াস হোসাইন।
ইলিয়াস হোসাইনের ওপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওলামা লীগের অপর অংশের সাধারণ সম্পাদক আবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শুনেছি। জানতে পেরেছি, এলাকার ক্ষুব্ধ কয়েকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।’
তবে ইলিয়াস হোসাইনের পক্ষের ওলামা লীগের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান বলেন, জঙ্গিরাই এ হামলা করেছে।
এদিকে আওয়ামী ওলামা লীগের সভাপতি হেলালীর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।