ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মো. মোস্তফা (১৭)। বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায়। সে তার বাবা-মায়ের সঙ্গে দয়ালবাজার এলাকায় ভাড়া বাসায় থাকত।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, দয়ালবাজারে একটি দোকানে টেলিভিশনে বিপিএলের খেলা দেখছিল মোস্তফা ও উত্তম চন্দ্র ঠাকুর (২৬)। খেলা নিয়ে কটূক্তির জেরে দুজনের মধ্যে ঝগড়া বেধে যায়। একপর্যায়ে উত্তম দোকান থেকে ছুরি এনে মোস্তফাকে আঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন মোস্তফাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।

এ ঘটনায় আজ শুক্রবার মোস্তফার মা মোনোয়ারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় উত্তমকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ খান বলেন, উত্তমকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মোস্তফার লাশ মর্গে পাঠানো হয়েছে।