ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হালিমা বেগম ওরফে জরিনা (৩৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার গোলাকান্দাইল টেংরারটেক এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ হত্যাকাণ্ডের পর থেকে জরিনার স্বামী নূর মোহাম্মদ পলাতক। পুলিশের ধারণা, সম্পত্তির লোভে স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
নিহত হালিমা একই এলাকার রশিদ পাটোয়ারীর মেয়ে। তিনি উপজেলা আওয়ামী মহিলা লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং স্থানীয় ভুলতা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য।
হালিমার বাবা রশিদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, সকালে টেংরারটেক এলাকায় বাড়ির পাশে হালিমার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
রশিদের ভাষ্য, ১৮ বছর আগে আনোয়ার হোসেন নামের চাঁদপুরের এক প্রবাসীর সঙ্গে হালিমার বিয়ে হয়। তাঁদের হৃদয় নামের ১৫ বছরের একটি সন্তান রয়েছে। ছয় মাস আগে আনোয়ার হোসেনের সঙ্গে হালিমার বিবাহ-বিচ্ছেদ ঘটে। এর তিন মাস পর উপজেলার হাটাবো টেকপাড়ার নূর মোহাম্মদের সঙ্গে হালিমার দ্বিতীয় বিয়ে হয়। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে তিন বন্ধুকে নিয়ে বাড়িতে আসেন হালিমার দ্বিতীয় স্বামী নূর মোহাম্মদ। এ সময় তিনি সেখানে ছিলেন। হালিমার সঙ্গে নূর মোহাম্মদ ও তাঁর বন্ধুদের কথা-কাটাকাটি হয়। স্বামী-স্ত্রীর ঝগড়াকে অতটা গুরুত্ব না দিয়ে তিনি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির পাশে মেয়ের লাশ পাওয়া যায়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, হালিমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্পত্তির লোভে স্বামী নূর মোহাম্মদ তাঁর বন্ধুদের সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর থেকে নূর মোহাম্মাদ পলাতক। এ ঘটনায় জড়িত লোকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।