ছুরিকাঘাতে চাচা খুন, নারীর লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার কাপাসিয়া উপজেলার সুলতানপুর গ্রামে ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা হাফিজ উদ্দিন ওরফে হাবি (৬০) নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, কাপাসিয়ার সুলতানপুর গ্রামে গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ওয়াজ উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩৫) ও দুলাল মিয়ার (৩৩) সঙ্গে চাচাতো ভাই কবির হোসেনের (৩১) লুডু খেলা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কবির হোসেনকে মারধর করে বিল্লাল ও দুলাল। খবর পেয়ে কবিরের বাবা হাফিজ উদ্দিন বিল্লাল ও দুলালকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিল্লাল ও দুলাল হাফিজ উদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
গতকাল সকালে শ্রীপুরের নিশ্চিন্তপুর এলাকায় একটি জঙ্গলে স্থানীয় লোকজন এক নারীর (৪৫) লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।