ছুরিকাঘাতে ছাত্র আহত, ছাত্রলীগের কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার ছুরিকাঘাতে আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ বলছে, গত জানুয়ারিতে ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের পক্ষটি এ হামলায় জড়িত।
হামলাকারী সন্দেহে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। ছুরিকাহত শিক্ষার্থীর নাম আবদুল কাদের (২৬)। তিনি সবে বিবিএ শেষ করেছেন।
পুলিশ জানায়, আবদুল কাদের স্নাতকোত্তরের একটি কোর্সে ভর্তির জন্য গতকাল বিশ্ববিদ্যালয়ে আসেন। বেলা তিনটার দিকে তিনি নগরের শামীমাবাদ আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ফটকের কাছে অবস্থান করছিলেন। এ সময় তাঁর ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন। তারা কাদেরের গলার কাছে ও পিঠে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, ছাত্রলীগের দুটি পক্ষের পূর্ববিরোধের জের ধরে হামলার ঘটনাটি ঘটেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে শামীমাবাদ এলাকা থেকে শাহ আলী (২৪) নামের একজনকে আটক করেছে। আলী ছুরিকাঘাতকারী দলের সঙ্গে ছিলেন। অন্যদের আটকের চেষ্টা চলছে।
শাহ আলী ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক তারেক উদ্দিন। তিনি বলেন, গত ১৯ জানুয়ারি ছাত্রলীগের এক পক্ষের হামলায় কাজী হাবিব নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমদ সাগরসহ নয়জনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। এ পক্ষটি আবার বিশ্ববিদ্যালয়ে ফিরতে অপতৎপরতা শুরু করেছে। গতকালের ঘটনাটি সাগরের নেতৃত্বাধীন ছাত্রলীগের পক্ষটিই ঘটিয়েছে।