ছুরিকাঘাতে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার শিকদারগঞ্জ এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় ছুরিকাঘাতে মো. মনিরুজ্জামান (২৮) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। মাদক ও চোরাই সাইকেল বেচাকেনায় বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

মনিরুজ্জামানের বাড়ি উপজেলার কাশিমপুরের বুড়িপুকুর গ্রামে। তিনি দিনাজপুর শহরের পুলহাট শিল্প এলাকায় একটি চালকলের কর্মচারী ছিলেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মনিরুজ্জামান শিকদারগঞ্জ হাটসংলগ্ন পানুয়াপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকার আবদুস সাত্তারের ছেলে মো. রনি (২০) তাঁর গতি রোধ করেন। পরে রনি তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মনিরুজ্জামানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় মনিরুজ্জামান মাটিতে লুটিয়ে পড়লে রনি পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনিরুজ্জামান মারা যান।

স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, মনিরুজ্জামান ও রনি দুজনেই মাদকসেবী। রনি মাস্তান হিসেবেও পরিচিত। মাদক ও একটি চোরাই সাইকেল কেনাবেচার টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে মনিরুজ্জামানকে রনি খুন করে থাকতে পারেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি।