ছুরিকাঘাতে দোকানি খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছুরিকাঘাতে এক দোকানি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোডে রড-সিমেন্টের একটি দোকানে এ ঘটনা ঘটে। নিহত জুলহাস (৫০) ওই দোকানে ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শী পাশের দোকানি আলম বলেন, মাগরিবের নামাজের পরপরই ‘রাজা অ্যান্ড কোং’ নামের রড‍-সিমেন্টের দোকানটিতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি আসেন। এ সময় তিনি ব্যবস্থাপক জুলহাসের কাছে টাকা চান। টাকা না দেওয়ায় তিনি জুলহাসের পেটে ছুরিকাঘাত করেন। পরে জুলহাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে আটক করেন স্থানীয় লোকজন।

নিহত জুলহাসের ছেলে সাইফুল্লাহ বলেন, ‘আমরা দোকানের পেছনে বাসায় থাকি। বাবা ওই বাড়ির কেয়ারটেকার এবং দোকানটির ম্যানেজার ছিলেন।’ তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দুর্গাপুর গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য জুলহাসের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।