ছুরিকাঘাতে নারী নিহত, সাবেক স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামে ফারজানা আক্তার নামের এক নারী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ফারজানাকে তাঁর সাবেক স্বামী সুমন আলী ছুরিকাঘাত করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে ফারজানার মা ও এক ভাই আহত হন। সুমনকে ঘটনাস্থল থেকে আটক করেন গ্রামবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১২ সালে একই গ্রামের সুমন আলীর (২৫) সঙ্গে ফারজানার (২২) বিয়ে হয়। গত বছরের ডিসেম্বরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাঁদের আড়াই বছরের এক ছেলে রয়েছে। ফারজানা বাবার বাড়িতেই থাকতেন। মাঝেমধ্যে ছেলেকে দেখতে সুমন ওই বাড়িতে যেতেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সুমন ওই বাড়িতে যান। এ নিয়ে তাঁর সঙ্গে ফারজানার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়। এর আগে ফারজানাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর মা দিলুয়ারা বেগম ও ছোট ভাই কামরুজ্জামান আহত হন। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে সুমনকে আটক করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ ছাড়া গুরুতর আহত দিলুয়ারাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।