ছুরিকাঘাতে নিহত দুজনই বিএনপি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রোববার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত দুজন হলেন শাহ আলম খান (৫০) ও মো. আলী হোসেন (৪৫)। দুজনই উপজেলার কুন্ডের বাজারের পূর্ব কান্দা গ্রামের বাসিন্দা। মুন্সিগঞ্জ জেলা বিএনপির দাবি, ওই দুজন তাদের দলীয় নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলমের পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দা রাসেল মোল্লার পরিবারের দীর্ঘদিন বিরোধ চলছিল। শনিবার রাতে শাহ আলম খান ও তাঁর চাচাতো ভাই মো. আলী হোসেন বেতকা ইউনিয়নের কুন্ডের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে তাঁদের ওপর হামলা করেন রাসেল মোল্লা, তাঁর ভাই সোহেল মোল্লা ও ভগ্নিপতি নাছির মোল্লা। তাঁরা শাহ আলম ও আলী হোসেনকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।

পরে গুরুতর অবস্থায় দুজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা শাহ আলমকে মৃত ঘোষণা করেন। ওই সময় গুরুতর আহত আলী হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান।

শাহ আলমের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে গতকাল সকালে রাসেল মোল্লাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করে বলেন, ২০ বছর আগে তাঁর স্বামীসহ পাঁচজন কুন্ডের বাজার এলাকায় ২৬ শতাংশ জায়গা কিনেছিলেন। সেই জায়গা নানা কৌশলে দখল করার চেষ্টা করছিলেন রাসেল ও সোহেল মোল্লারা। এ কারণেই তাঁর স্বামী ও আলী হোসেনকে খুন করা হয়েছে।

টঙ্গিবাড়ী থানা বিএনপির সভাপতি খান মনিরুল ইসলাম বলেন, আলী হোসেন বেতকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আর শাহ আলম একই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। তিনি দাবি করেন, মামলার অন্যতম আসামি সোহেল মোল্লা বেতকা ইউনিয়ন যুবলীগের সহসাধারণ সম্পাদক।

বেতকা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আশরাফ হোসেন বলেন, সোহেল মোল্লা দলের সহসাধারণ সম্পাদক হতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে পদ দেওয়া হয়নি।

টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার বলেন, ‘এ ঘটনায় বিএনপি নিজেরাই জড়িত। আমাদের কেউ দলীয়ভাবে জড়িত নন। তবে ব্যক্তিগতভাবে কেউ জড়িত থাকলে সেটা অন্য বিষয়। এ ব্যাপারে দল ব্যবস্থা নেবে।’

অন্যদিকে শনিবার রাত থেকেই রাসেল মোল্লা, সোহেল মোল্লা ও নাছির মোল্লা পলাতক। তাঁদের মুঠোফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তাঁদের পরিবারের অন্য কাউকেও পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই অভিযোগ করেন, এ হামলায় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা জড়িত। তিনি দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহ আলম ও আলী হোসেন খুন হয়েছেন। মামলার আসামিদের মধ্যে ফজল খান, ডালিয়া ও পাতা নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।