ছুরিকাঘাতে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ছয়টার দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে কে বা কারা রাস্তায় ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর কাছে কোনো কাগজপত্রও ছিল না। নিহত ব্যক্তির বুকের বাঁ পাশে ও হাঁটুর নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

মহিউদ্দিন সেলিম আরও বলেন, কী কারণে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে, এ বিষয়ে তদন্ত হচ্ছে। কোনো প্রত্যক্ষদর্শী ব্যক্তিকে পাওয়া যায়নি। ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আজ দুপুর ১২টার দিকে হাসপাতাল মর্গে খোঁজ নিলে জানা যায়, তখন পর্যন্ত তাঁর কোনো স্বজন আসেনি।