ছুরিকাঘাতে প্রহরী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবদুস সাত্তার (৬০) নামের এক নিরাপত্তাপ্রহরী আহত হয়েছেন। গত রোববার রাত দেড়টার দিকে নগরের ডবলমুরিং আগ্রাবাদ এলাকার চউক কর্ণফুলী মার্কেটে এ ঘটনা ঘটে। আহত প্রহরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার বলেন, সাত্তার দায়িত্ব পালনকালে এক যুবক মার্কেটের কলাপসিবল গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে ওই যুবক প্রহরীর ঘাড়ে ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে মার্কেটের অন্য প্রহরীরা এসে আহত সাত্তারকে হাসপাতালে নিয়ে যান।
ওসি নুরুল আলম আরও বলেন, যুবকটি মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। তাঁকে খোঁজা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।