ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রামে সাইদুল ইসলাম ওরফে অনিক (২০) নামে একজন খুন হয়েছেন। একই ঘটনায় সম্রাট নামে অনিকের অপর এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরের হামজারবাগ আতুরার ডিপো এলাকার ১৪ নম্বর গলিতে এই ঘটনা ঘটে। সাইদুল পেশায় ইলেকট্রিশিয়ান। সম্রাট (২০) পোশাক শ্রমিক। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
সিএমপির উপকমিশনার আবদুল ওয়ারিশ খান জানান, দুপক্ষের মধ্যে ছুরিকাঘাতে একজন মারা গেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দুজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে ১৪ নম্বর গলিতে অনিকদের সঙ্গে কয়েকজন যুবকের কথা-কাটাকাটি হয়। ওই যুবকেরাও অনিক এবং সম্রাটের পূর্ব পরিচিত বলে পরিবারের দাবি। একপর্যায়ে অনিক ও সম্রাটকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ।
সম্রাটের খালা পারভিন আক্তার হাসপাতালে অভিযোগ করে বলেন, সানি ও তৈয়ব নামে দুই যুবকের সঙ্গে সম্রাট এবং অনিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে দুজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে সাইদুল মারা যায়। সম্রাট চিকিৎসাধীন রয়েছেন।