ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
বগুড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহিন আলম (৪০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কলোনি-চকফরিদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শাহিন ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে এবং শহরতলীর লিচুতলা এলাকায় অটোরিকশার যন্ত্রাংশের ব্যবসা করতেন।
এ ঘটনায় পুলিশ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আসলাম আলী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কলোনি-চকফরিদ এলাকায় বাড়ির সীমানার জমি নিয়ে আখতারুজ্জামানের সঙ্গে পলাশ নামে একজনের বিরোধ ছিল। ওই জায়গা দখলকে কেন্দ্র করে গত সোমবার রাতে পলাশের পরিবারের সঙ্গে আকতারুজ্জামানের পরিবারের ঝগড়া হয়। শাহিন আলম এ সময় পলাশের পক্ষ নিলে আকতারুজ্জামানের ছেলে রতন বাবু তাঁকে ছুরিকাঘাত করেন। শাহিনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে তিনি মারা যান। ওই ঘটনার পরপরই রতন বাবুর বাবা আকতারুজ্জামান, মা ফিরোজা বেগম এবং স্ত্রী রোজী বেগমকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার শাহিন আলমের স্ত্রী শিউলী খাতুন বাদী হয়ে সদর থানায় পলাতক রতন বাবু এবং তাঁর মা-বাবা ও স্ত্রীকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।