ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত সুরত আলমের (৩০) স্ত্রী সুফিয়া আক্তার বাদী হয়ে গত মঙ্গলবার রাতে উখিয়া থানায় দেবর আনোয়ার সাদেকের বিরুদ্ধে মামলা করেছেন। আনোয়ারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গতকাল বুধবার দুপুরে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার নিজ বাড়িতে পেটে ছুরিকাঘাত করে খুন করা হয় সুরত আলমকে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, বাড়ির আঙ্গিনায় লাগানো কলার কাঁদি (স্থানীয় ভাষায় কলার ছড়া) কাটার জের ধরে দুই ভাই সুরত আলম ও আনোয়ার সাদেকের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতিও হয়। একপর্যায়ে ছোট ভাই আনোয়ার সাদেক বড় ভাই সুরত আলমের পেটে ছুরিকাঘাত করেন। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি মো. আবুল খায়ের বলেন, হত্যার খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মশিউর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দিনই ঘোনারপাড়া এলাকা থেকে আনোয়ার সাদেককে গ্রেপ্তার করে।