কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৬) নামের এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের নতুন মহাল এলাকার কামালের দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল একই এলাকার বদিউর রহমানের ছেলে ও স্থানীয় রহমানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে সাইফুলের ওপর দুর্বৃত্তরা হামলা চালায় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাইফুলকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে, পরে নেওয়া হয় শহরের আরেকটি বেসরকারি ক্লিনিকে। সেখানে রাত তিনটায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. খাইরুজ্জামান বলেন, জমিসংক্রান্ত বিরোধেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।