ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
জামালপুরের সরিষাবাড়ীতে গত রোববার ছুরিকাঘাতে সাঈদ হাসান ওরফে শিপন (২০) নামে মাদ্রাসার এক ছাত্র খুন হয়েছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিলুফা আক্তার (১৯) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়।
সরিষাবাড়ীতে নিহত সাঈদ উপজেলার চাঁপারকোনা গ্রামের আবদুল মোতালিবের ছেলে। পরিবার বলছে, সাঈদ তাঁর বন্ধু ইমরান হোসেনের (২০) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ইমরানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইমরানের মা আঞ্জুরা বেগমকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে।
সাঈদের পরিবার ও পুলিশ সূত্র জানায়, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী সাঈদ রোববার বিকেলে একই গ্রামে তাঁর বাবার বন্ধু আবদুস সালামের বাড়িতে বেড়াতে যান। সালামের সঙ্গে বাড়ির সীমানার জমি নিয়ে প্রতিবেশী ইমরানের বাবা দুলাল মিয়ার বিরোধ চলে আসছে। এ নিয়ে রোববারও দুপক্ষের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুলাল, তাঁর স্ত্রী আঞ্জুরা এবং তিন ছেলে ইমরান, বাবুল মিয়া ও দেলোয়ার হোসেন সন্ধ্যায় আবদুস সালামের বাড়িতে হামলা করেন। এ সময় ঘরের মধ্যে সালামের সঙ্গে ভাত খাচ্ছিলেন সাঈদ। তাঁর বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন সহপাঠী ইমরান। সাঈদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইলে নিহত গৃহবধূ নিলুফা আক্তার উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের চান মিয়া মুন্সির মেয়ে। পরিবারের অভিযোগ, তিন মাসের অন্তঃসত্ত্বানিলুফাকে যৌতুকের জন্য স্বামী ও তাঁর পরিবারের লোকজন পিটিয়ে ও গলাটিপে হত্যা করেছেন।
পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী নিলুফার সঙ্গে গত ১০ মেউপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের আহাদ আলীর ছেলে আহাম্মদ আলীর বিয়ে হয়। তখন আহাম্মদকে আসবাব, দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল দেওয়া হয়। দুই মাসের মাথায় আরও তিন লাখ টাকার জন্য স্ত্রীকে চাপ দেন আহম্মদ। ১৫-২০ দিন আগে এক লাখ টাকা দেওয়া হয়। বাকি দুই লাখ টাকার জন্য নিলুফার ওপর শারীরিক নির্যাতন শুরু হয়। টাকা আনতে ১০ আগস্ট নিলুফাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন আহম্মদ। কিন্তু আহম্মদের অসুস্থার কথা বলে গত বৃহস্পতিবার তাঁকে ফিরিয়ে আনা হয়। রোববার সন্ধ্যায় তাঁকে বেদম মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেন আহাম্মদ আলী। এরপর থেকে আহম্মদসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক। পুলিশ গতকাল লাশ উদ্ধার করে।
সরাইল থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, নিলুফার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।