ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর গাবতলীর কাছে গতকাল বুধবার দুপুরে মোহাম্মদ শাহীন (১৯) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ছাড়া অস্বাভাবিক মৃত্যু হয়েছে দুজনের।
পুলিশ ও নিহত শাহীনের পারিবারিক সূত্র জানায়, দুপুর ১২টার দিকে শাহীন বন্ধু রাসেলকে নিয়ে গাবতলীর কাছে লালকুঠি প্রথম কলোনির একটি মুদি দোকানের সামনের বেঞ্চে বসেছিল। রাসেলের মুঠোফোনটি মুদি দোকানি সুজন দেখতে চান। রাসেল মুঠোফোন দিতে আপত্তি জানায়। একপর্যায়ে সুজন জোর করে মুঠোফোনটি নিতে গেলে তা নিচে পড়ে যায়। এ নিয়ে রাসেল ও সুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাসেলকে একটি নতুন মুঠোফোন কিনে দিতে সুজনকে বলে শাহীন। এতে ক্ষুব্ধ হয়ে সুজন দোকান থেকে ছুরি এনে শাহীনের পেটে ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে যান শাহীনের মা রোকেয়া বেগম। একমাত্র ছেলে শাহীনকে হারিয়ে তিনি বিলাপ করে বলেন, ‘শাহীন মধ্যপ্রাচ্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে লেগুনায় হেলপারি করত।’ রাসেল প্রথম আলোকে বলেন, সুজন তাঁর মুঠোফোন ভেঙে ফেলায় তাঁকে নতুন সেট কিনে দিতে বলেছিলেন শাহীন। ঘটনার পর সুজন দৌড়ে পালিয়ে যান।
শাহীন মা-বাবার সঙ্গে লালকুঠির প্রথম কলোনিতে থাকতেন। তাঁর বাবার নাম সিদ্দিক মিয়া। তাঁদের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালীতে।
এ বিষয়ে দারুসসালাম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, হামলাকারী সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুজনের অস্বাভাবিক মৃত্যু: ঢাকা মেডিকেল সূত্র জানায়, বেলা একটার দিকে পুরান ঢাকার গেন্ডারিয়ায় ডিআইটি প্লটে একতলা একটি বাড়ির টিনের চালায় উঠে ঘুড়ি নামাতে গিয়ে পা ফসকে পড়ে গুরুতর আহত হয় স্কুলছাত্র মো. আকাশ (১৪)। অচেতন অবস্থায় বেলা সোয়া দুইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে গেন্ডারিয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে মা-বাবার সঙ্গে গেন্ডারিয়ার শহীদনগরে থাকত।
এদিকে মতিঝিলের আলীগড় ভবনের সামনে থেকে হোসেন আলী চৌধুরী (৬৫) নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি বরিশাল শহরের কাউনিয়া ব্রাঞ্চ রোডে।