ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে বন্ধুর ছুরিকাঘাতে মাকসুদ মিয়া (৩২) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাকসুদের বাড়ি সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে। তিনি নগরের হালিশহরে একটি মেসে তাঁর বন্ধু মো. হোসেনের সঙ্গে এক কক্ষে থাকতেন। তিন মাস আগে চাকরির জন্য সন্দ্বীপ থেকে এসে তিনি এই বাসায় ওঠেন। প্রাথমিকভাবে টাকা নেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
ওই বাসার পাশের কক্ষের বাসিন্দা মো. সাগর গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, মাকসুদ ও হোসেন বাসার একটি কক্ষে থাকতেন। হোসেন পেশায় টেম্পোচালক। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁদের কক্ষে হইচই শুনে পাশের কক্ষ থেকে তাঁরা ছুটে যান।
এ সময় ঘরের ভেতর মাকসুদকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখেন। তাঁরা ঘরে ঢুকতেই হোসেন দৌড়ে পালিয়ে যান। গুরুতর অবস্থায় মাকসুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে মাকসুদ জানান, হোসেন তাঁকে ছুরিকাঘাত করেছেন।