ছুরিকাঘাতে যুবক নিহত, দুটি লাশ উদ্ধার
খুলনা নগরের খালিশপুর এলাকায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাহিদ হাসান (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার ফরিদপুরের ভাঙ্গায় ফুলমালা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ এবং ঝালকাঠির সদর উপজেলার মানপাশা বাজারের নৈশপ্রহরী হারুন সরদারের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বঙ্গবাসী মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাহিদ হাসান ও তাঁর ভাই জাভেদ (৩০) গুরুতর আহত হন। এলাকাবাসী দুই ভাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জাহিদকে মৃত ঘোষণা করেন। জাভেদ ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা খালিশপুরের বঙ্গবাসীর নতুন কলোনির মৃত সাব্বির হোসেনের ছেলে।
চাঁদা না দেওয়ায় এ হত্যাকাণ্ড হতে পারে বলে জানান ওসি। তিনি বলেন, কিছুদিন আগে ওই এলাকার একটি পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে ওই দুই ভাইয়ের কাছে চাঁদা দাবি করেন আব্বাস নামের এক ব্যক্তি। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে নিহত জাহিদের ভাই সুমন খালিশপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ফুলমালা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ বুধবার সকাল ৮টার দিকে উদ্ধার করা হয়েছে। ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমুল¬কদী গ্রামে বাড়ির পাশের একটি গাছে ওই কলেজছাত্রীকে গলায় রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে এলাকাবাসী। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। ফুলমালা শাহমুল¬কদী গ্রামের আবু মুসা মুনশির মেয়ে। তিনি ভাঙ্গার সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পিরোজপুর: হারুন সরদার ঝালকাঠিতে সদর উপজেলার মানপাশা বাজারের নৈশপ্রহরী ছিলেন। গত মঙ্গলবার রাতে তিনি বাজারে পাহারার দায়িত্বে ছিলেন। গতকাল বুধবার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন বাজারের পাশে একটি গাছের সঙ্গে হারুনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হারুন সরদার সদর উপজেলার সাবাঙ্গল গ্রামের বাসিন্দা ছিলেন।