ছুরিকাঘাতে লেগুনাচালক খুন
রাজধানীর মিরপুরে গতকাল রোববার ভোরে ছুরিকাঘাতে মো. হাসান (২৫) নামের এক লেগুনাচালক খুন হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মিরপুর ১২ নম্বরের ১৪ নম্বর সড়কের এক বাসায় থাকতেন হাসান। গতকাল ভোর চারটার দিকে মিরপুর ১২ নম্বরের ৮ নম্বর সড়কে কে বা কারা ছুরিকাঘাত করে তাঁর গলা, পেট ও বুকে মারাত্মক জখম করে। খবর পেয়ে টহল পুলিশের একটি দল তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পরে হাসানের স্বজনেরা ওই হাসপাতাল থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান বলেন, হাসান লেগুনার (যাত্রীবাহী টেম্পো) চালক ছিলেন। কারা এ ঘটনা ঘটিয়েছে এবং তিনি কেন এত ভোরে ৮ নম্বর সড়কে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।