ছুরিকাঘাতে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগে ছুরিকাঘাতে রিদওয়ান ইসলাম (১২) নামে এক স্কুলছাত্র মারা গেছে। রিদওয়ানের পরিবারের অভিযোগ, আজ সোমবার বিকেলে আল আমিন নামে এক সন্ত্রাসীর ছুরিকাঘাতে শিশুটির মৃত্যু হয়েছে।

গোলাপবাগের ব্রাহ্মণচিরণ এলাকার নজরুল ইসলামের ছেলে রিদওয়ান নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

রিদওয়ানের চাচাতো ভাই সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, আজ বিকেল ৪টার দিকে স্কুল থেকে আসে তাঁর ভাই। খাবার খেয়ে খেলতে বের হয় সে। তখন বাসার সামনে স্থানীয় সন্ত্রাসী আল আমিন (২৮) রিদওয়ানকে ছুরিকাঘাত করেন। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বিকেল পাঁচটার দিকে চিকিৎসকেরা রিদওয়ানকে মৃত ঘোষণা করেন।

সুমন বলেন, বাড়ি নির্মাণের সময় রিদওয়ানের বাবা নজরুল ইসলামের কাছে আল আমিনসহ এলাকার সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। এ কারণে রিদওয়ানকে ছুরিকাঘাত করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করছেন সুমন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটি ছুরিকাঘাত করে হত্যা করেছে আল আমিন। বখাটে এই যুবক তাদের পাশের বাসা থাকত। তাকে আটক করার চেষ্টা চলছে। তবে ​কেন এ ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, রিদওয়ানের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।