ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্যকে হত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছির গয়েশপুর গ্রামে গতকাল সোমবার জুয়েল হোসেন (৪৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
জুয়েল গয়েশপুর গ্রামের বাসিন্দা। তিনি ধামুইরহাট উপজেলার ইশবপুর ইউপির সাবেক সদস্য ছিলেন।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জুয়েলের হত্যাকারী আনোয়ার হোসেনকে (৩৫) ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল সকাল আটটায় গয়েশপুর গ্রামের মতিউর রহমান ও আনোয়ার হোসেনের মধ্যে ৫০০ টাকা পাওনা নিয়ে ঝগড়া বাধে। এ সময় জুয়েল ওই দুজনকে চড় মেরে শাসিয়ে ঝগড়া মিটমাট করে দেন। এ ঘটনায় আনোয়ার হোসেন তাঁর ওপর ক্ষুব্ধ হন। এর এক ঘণ্টা পর সকাল নয়টার দিকে জুয়েল মোটরসাইকেলে করে বাজারে যাওয়ার পথে আনোয়ার তাঁকে থামিয়ে ছুরিকাঘাত করেন। তাঁকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। ঘটনার সময় এলাকাবাসী আনোয়ারকে ছুরিসহ আটক করে থানায় খবর দেন।