ছুরিকাঘাতে সিইপিজেডের পোশাক শ্রমিক খুন
নগরের চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) ছুরিকাঘাতে আলাউদ্দিন তামিম (২৩) নামে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আলাউদ্দিন তামিম ইপিজেডের চার নম্বর সেক্টরের রিজেন্সি নামে একটি কারখানার শ্রমিক। তিনি পিরোজপুরের দানিশাপা জমাদ্দর বাড়ির ইসহাক জমাদ্দারের ছেলে। নগরের ফ্রিপোর্ট এলাকায় স্ত্রী লাকী আক্তারকে নিয়ে তিনি বসবাস করতেন।
পূর্ব শত্রুতার জের ধরে তিনি খুন হন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, রাত নয়টার দিকে কারখানা থেকে তামিমসহ তিনজন বের হওয়ার পর ৮-১০জন যুবক এসে তামিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাত যারা করেছে তারাও ওই কারখানার সহকর্মী কিংবা পূর্ব পরিচিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, হামলাকারীরা প্রথমে তামিমসহ তিনজনের মোবাইল ছিনিয়ে নিতে চেষ্টা করে বলে শুনেছি। কিন্তু ছিনতাইয়ের ঘটনা হলে এভাবে ছুরিকাঘাত করার কথা নয়।
আহত অবস্থায় তামিমকে প্রথমে বেপজা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ক্যাজুয়ালটি ওয়ার্ডে রাত একটার দিকে তিনি মারা যান।
নাম প্রকাশে অনাগ্রহী হাসপাতালের একজন চিকিৎসক বলেন, তামিমের পেটে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অত্যধিক রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
স্ত্রী লাকী আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার বিয়ে হয়েছে এক বছর আগে। এক বছর ১০দিনের মাথায় সে খুন হয়। তার সঙ্গে কারও ঝগড়া বিবাদ ছিল শুনিনি কোনো দিন।’ তিনি আরও জানান, তামিমের বন্ধু রাসেলসহ তিনজন রাত নয়টার দিকে কারখানা থেকে বের হলে তাঁদের ওপর আক্রমণ হয়।
সিইপিজেডের মহাব্যবস্থাপক মো. খুরশীদ আলম বলেন, ‘আমাদের সাড়ে ৩০০ নিরাপত্তা কর্মী আছেন। তারপরও এ ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আমরা ব্যবস্থাও নিয়েছে।’ তবে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা পরে জানানো হবে বলে তিনি বলেন।