ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
মৌলভীবাজারে ছুরিকাঘাতে নাদিম হোসেন (১৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত শনিবার জেলা শহরের বেরিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নাদিম হোসেন শহরের বেরিরচর এলাকার আবুল হোসেনের ছেলে। সে শাহ মোস্তফা একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় নাদিমের বাবা গতকাল রোববার মৌলভীবাজার সদর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এখনো কেউ গ্রেপ্তার হননি।
পুলিশ ও নাদিমের পরিবার সূত্র জানায়, দু-তিন দিন আগে শেরপুরের মাছের বাজারে নাদিমের সঙ্গে বেরিরচর এলাকার ইমন (১৮) নামের একজনের ঝগড়া হয়। শনিবার রাত সাড়ে আটটার দিকে বেরিরপাড় এলাকায় সেই ঘটনার জের ধরে ইমন ও তাঁর সঙ্গীদের সঙ্গে নাদিমের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুছ ছালেক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।