ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ফিরোজ ফকির নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার পিরুজালী ইউনিয়নের আলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফিরোজ পলাতক।
এদিকে গতকাল রোববার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চর কুন্দুলিয়া এলাকার কুচিয়ামারা সেতুর কাছে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শনিবার দিবাগত রাতে স্ত্রী রওশন আরা বেগমের (৫০) সঙ্গে ফিরোজের ঝগড়া হয়। রওশন আরা ঘুমিয়ে পড়লে ফিরোজ তাঁর বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই রওশন আরা মারা যান। খবর পেয়ে গতকাল রোববার সকাল আটটার দিকে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রওশন আরা বেগম একই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে কুচিয়ামারা সেতুর কাছে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই থানার এসআই হানিফ সরকার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই যুবককে হত্যা করে। পরে লাশটি তারা ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। লাশের পিঠে ও হাতে জখম রয়েছে। পরনে ছিল জিনসের প্যান্ট।