ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত শনিবার দাম্পত্য কলহের জের ধরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের উটরা হাজীপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৫) নয় বছর আগে ধলজান গ্রামের মেছের আলীর মেয়ে মুন্নী খাতুনকে (৩২) বিয়ে করেন। শরিফুল কখনো দিনমজুর, কখনো ইটভাটার শ্রমিক বা কখনো রিকশা চালান। তাঁদের দুটি মেয়ে রয়েছে। তবে বিয়ের পর থেকেই নানা অজুহাতে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য শরিফুল স্ত্রীকে চাপ দিতেন। টাকা না দিলে মুন্নীকে নির্যাতন করতেন শরিফুল। শনিবার রাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে মুন্নীকে ছুরিকাঘাত করেন শরিফুল। এ সময় দুই মেয়ে জেগে উঠে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোক আসার আগেই তিনি ঘর থেকে বের হয়ে যান। প্রতিবেশীরা এসে দেখতে পান মুন্নীর পেট, বুকসহ শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরছে। একপর্যায়ে ঘটনাস্থলে মুন্নী মারা যান। খবর পেয়ে গতকাল রোববার সকালে এসে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, নিহতের বুক, পেটসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের কমপক্ষে ১২টি চিহ্ন পাওয়া গেছে। দুপুরের দিকে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের মা বুলবুলি বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।