ছুরিকাঘাতে স্বামী খুন, স্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে সাইফুল্লাহ শিকদার (৩২) নামের এক পরিবহনশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী রুবি আক্তার (২৫)। গতকাল সোমবার সকালে নগরের আকবর শাহ থানার উকিল সমিতির পাহাড়ি এলাকার জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
আহত রুবি আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা স্বামী-স্ত্রীকে হতাহত করেছে তা জানা যায়নি। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, নিহত সাইফুল্লাহ ট্রাকে মালামাল ওঠানামার কাজ করতেন। স্ত্রীকে নিয়ে আকবর শাহ থানার আমিন কলোনিতে ভাড়া থাকতেন। ২০ দিন আগে কলোনির ওই বাসা ছেড়ে চলে যান। কয়েক দিন আগে আবার ওই বাসায় ওঠেন তাঁরা। রোববার রাতে তাঁদের কে বা কারা বাসা থেকে ধরে পাশের উকিল সমিতির পাহাড়ে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করলে পাহাড়ের জঙ্গলে মৃত্যু হয় সাইফুল্লাহ শিকদারের। আহত হন রুবি আক্তারও।