ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নন্দলালপুর এলাকায় স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী সুমন মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় সুমনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর বড় ভাই। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। স্ত্রী সায়মা মনিকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, স্ত্রী সায়মার অনৈতিক সম্পর্কের জের ধরে স্বামী সুমনের ছুরিকাঘাতে মারা যাওয়ার খবর পেয়ে সায়মাকে গ্রেপ্তার করা হয়। সুমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা হয়েছে।
এলাকাবাসী, পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, সুমন বাড়ির পাশেই স্টুডিওর ব্যবসা করতেন। কয়েক বছর আগে সায়মার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় দিকে সায়মার অনৈতিক সম্পর্ক নিয়ে দুজনের প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় উভয়ের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সায়মা স্বামী সুমনের পিঠে ছুরিকাঘাত করেন। তাঁকে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুমনের বড় ভাই নূরে আলম কামাল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই সংসারে নানা অশান্তি লাগিয়ে আসছেন সায়মা। মোবাইলে কথা বলা নিয়ে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। সায়মা অপরিচিত লোকজনের সঙ্গে মোবাইলে যখন-তখন কথা বলতেন। অনৈতিক সম্পর্কের বিষয়টি জানার পর সুমন মোবাইল ব্যবহার করতে সায়মাকে বাধা দেন। এর জের ধরেই সুমনকে প্রাণ দিতে হলো।