ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে মো. রুবেল (২৪) নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার দক্ষিণ মান্দাইল বাজার এলাকায় আলমগীর হাজামের বাড়ির সামনে থেকে পুলিশ রুবেলের মৃতদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রুবেলের বড় বোন মায়া বেগম জানান, ‘সকাল আটটার দিকে কে বা কারা আমার ভাইকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ পাই মান্দাইল বাজার এলাকায় আলমগীর হাজামের বাড়ির সামনে রুবেলের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে।’ তিনি জানান, রুবেল এলাকার মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য বিক্রিতে বাধা দিতেন। এমনকি তিনি বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে পুলিশেও ধরিয়ে দিয়েছেন। মাদক ব্যবসায়ীরাই তাঁকে খুন করেছে।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক অলিয়ার রহমান জানান, রুবেলের মা শহর বানু বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন।

রুবেলের বাবার নাম মো. রবিউল্লাহ। তিনি কেরানীগঞ্জের নজরগঞ্জ এলাকার বাসিন্দা।