ছুরিকাহত যুবলীগ কর্মীর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবলীগের কর্মী আশরাফুল ইসলাম আলম মারা গেছেন। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে আলম মারা যান। তাঁর বাড়ি শহরের মধ্য অরণকোলার আলহাজ ক্যাম্পপাড়ায়।
গতকাল সোমবার আলমের বাবা সৈয়দ আলী বলেন, তাঁর ছেলে আলম যুবলীগের স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১০ আগস্ট সন্ধ্যায় আলমকে তাঁর এক বন্ধু বাড়ি থেকে আলহাজ মোড়ে ডেকে নিয়ে যান। একটি দোকানে বসে চা খাওয়ার সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাত-আটজন যুবক অতর্কিতে আলমের ওপর হামলা চালান। গুরুতর অবস্থায় আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের সামনে আবার আলম ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। পরে আলমকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতােল পাঠানো হয়। ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই তালুকদার বলেন, মৃত্যুর এ ঘটনায় রোববার রাতেই আলমের স্ত্রী রূপা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেছেন। মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।