ছুরিকাহত স্কুলছাত্রীর অবস্থার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটের ছুরিকাঘাতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রীর (১৫) শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
রাজধানীর কাকরাইলের ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীটিকে গত বুধবার স্কুলের সামনে পদচারী-সেতুতে ছুরিকাঘাত করে পালিয়ে যান বখাটে এক যুবক। স্বজনদের অভিযোগ, ওই বখাটের নাম ওবায়দুল খান (২৯)। তিনি মেয়েটিকে উত্ত৵ক্ত করতেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ওবায়দুলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ছাত্রীটির তত্ত্বাবধানকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক রাবেয়া বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতে মেয়েটির শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে। তার অতিরিক্ত রক্তক্ষরণও হয়। অস্ত্রোপচারের পর বুধবার রাতে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে কৃত্রিম উপায়ে তার শ্বাস-প্রশ্বাস চালানো হচ্ছে।
ছাত্রীটির উদ্বিগ্ন মা-বাবাকে গতকাল সারাক্ষণ আইসিইউর বারান্দায় দেখা গেছে। মেয়েটির বাবা বলেন, ‘ওবায়দুল গ্রেপ্তার না হওয়ায় আমরা হতাশ।’
ছাত্রীটির মা ছুরিকাঘাতের ঘটনায় বুধবার মধ্যরাতে ওবায়দুলকে আসামি করে রমনা থানায় মামলা করেন। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলায় বলা হয়, ওবায়দুল এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দরজির দোকানের কাটিং মাস্টার।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, ওবায়দুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলায় উল্লেখ করা হয়, ওই ছাত্রী ও তার মায়ের পোশাক বানানোর সূত্রে ওই দোকানের রিসিটে মায়ের মুঠোফোন নম্বর দেওয়া হয়। ওই নম্বরে ফোন করে ছাত্রীটিকে উত্ত৵ক্ত করতেন ওবায়দুল খান। পরে নম্বরটি বন্ধ করা হলে ওবায়দুল স্কুলে যাওয়া-আসার পথে উত্ত৵ক্ত করতেন।