ছুড়ে মারা তরল রাসায়নিকে দগ্ধ তরুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ষোলোশহর এলাকায় মেয়র গলিতে ছুড়ে মারা রাসায়নিকে মাধবী বড়ুয়া (২২) নামের এক তরুণী দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। রাসায়নিক ছুড়ে মারার অভিযোগে মিন্টু নাথ নামের একজনকে হাতে নাতে আটক করে স্থানীয় জনতা।

দগ্ধ মাধবীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রাসায়নিকে তাঁর মুখের ডান পাশ ও দুই হাতের কবজি পুড়ে গেছে। চিকিৎসকেরা বলছেন, মাধবীর পাঁচ শতাংশ পুড়ে গেছে। ছুড়ে মারা রাসায়নিক অ্যাসিড কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি চিকিৎসক ও পুলিশ।

মাধবীর বাড়ি কক্সবাজারের রামুতে। নগরের বায়েজিদ থানার চন্দননগর এলাকায় একটি বিউটি পার্লার চালান তিনি। একই এলাকাতে তিনি থাকেন। তাঁর স্বামীর নাম অভি বড়ুয়া। স্বামী বান্দরবানে থাকেন।

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী অভি বড়ুয়া ও প্রতিবেশী কাজল আক্তারের সঙ্গে মেয়র গলিতে নতুন বাসা খুঁজতে যান মাধবী। মেয়র গলিতে হাঁটার সময় আচমকা এক ব্যক্তি মাধবীর মুখে বোতল থেকে রাসায়নিক ছুড়ে মারেন। মাধবীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মিন্টুকে আটক করেন।

রাতে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, যন্ত্রণায় কাতরাচ্ছেন মাধবী। প্রথম আলোকে মাধবী বলেন, স্বামী ও একজন প্রতিবেশীর সঙ্গে হাঁটছিলাম। হঠাৎ একজন এসে কিছু একটা ছুড়ে মারে। পানি মনে করে দুই হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করি। কিন্তু তীব্র যন্ত্রণায় সবকিছু অন্ধকার দেখতে থাকি। কে ছুড়ে মেরেছে তাঁর মুখটা ভালোমতো দেখতে পাইনি।

হাসপাতালে গিয়ে মাধবীর স্বামীকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালি উল্লাহ আকবর প্রথম আলোকে বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে এ মুহূর্তে সেটি বলা যাচ্ছে না। আসামিকে জিজ্ঞাসাবাদের পর বোঝা যাবে। স্বামীর সঙ্গেও কথা বলতে হবে।