ছুড়ে মারা দাহ্য পদার্থে দগ্ধ এক তরুণী
চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকার মেয়র গলিতে দুর্বৃত্তের ছুড়ে মারা দাহ্য পদার্থে (একধরনের তরল) এক তরুণী দগ্ধ হয়েছেন। তাঁর নাম মাধবী বড়ুয়া (২২)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় মিন্টু নাথ নামের একজনকে হাতেনাতে আটক করেন স্থানীয় জনতা।
দগ্ধ মাধবীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর মুখের ডান পাশ ও দুই হাতের কবজি পুড়ে গেছে। চিকিৎসকেরা বলেছেন, মাধবীর শরীরের পাঁচ শতাংশ পুড়ে গেছে। ছুড়ে মারা এই তরল পদার্থ অ্যাসিড কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসক।
মাধবীর বাড়ি কক্সবাজারের রামুতে। নগরের বায়েজিদ থানার চন্দননগর এলাকায় একটি বিউটি পারলার চালান তিনি। এই এলাকাতেই তিনি থাকেন। তাঁর স্বামীর নাম অভি বড়ুয়া। তিনি বান্দরবানে থাকেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী অভি বড়ুয়া ও প্রতিবেশী কাজল আক্তারের সঙ্গে মেয়র গলিতে নতুন বাসা খুঁজতে যান মাধবী। মেয়র গলিতে হাঁটার সময় হঠাৎ এক ব্যক্তি মাধবীর মুখে বোতল থেকে একধরনের তরল (রাসায়নিক) ছুড়ে মারেন। মাধবীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মিন্টুকে আটক করেন।
গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, যন্ত্রণায় কাতরাচ্ছেন মাধবী। তিনি বলেন, ‘স্বামী ও এক প্রতিবেশীর সঙ্গে হাঁটছিলাম। হঠাৎ একজন এসে কিছু একটা ছুড়ে মারে। পানি মনে করে দুই হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করি। কিন্তু তীব্র যন্ত্রণায় সবকিছু অন্ধকার দেখতে থাকি। কে ছুড়ে মেরেছে তার মুখটা ভালোমতো দেখতে পাইনি।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালি উল্লাহ আকবর প্রথম আলোকে বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, এ মুহূর্তে সেটি বলা যাচ্ছে না। আসামিকে জিজ্ঞাসাবাদের পর বোঝা যাবে। মাধবীর স্বামীর সঙ্গেও কথা বলতে হবে।